আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার পুজোর মানচিত্রে এ বার এক অন্যরকম গল্প বলতে চলেছে চন্দ্রাবতী দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোৎসব সমিতি। ২০২৬-এর দুর্গাপুজোয় তাদের ভাবনা শুধুমাত্র মণ্ডপসজ্জা বা শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রতিদিনের জীবনে নীরবে দায়িত্ব পালন করে যাওয়া এক বাবার না-বলা লড়াই, ত্যাগ এবং ভালবাসাকেই সামনে আনতে চলেছে এই পুজো কমিটি।
এ বারের থিম ‘তাঁর ভালবাসা থেকে যাবে অন্তরালে’। ইংরেজিতে যার ভাবনা ‘His Love Will Remain Unseen’। ‘অন্তরালে— দ্য আনসিন স্ট্রাগল অফ আ ফাদার’ ভাবনার মধ্য দিয়ে তুলে ধরা হবে এমন এক বাবার গল্প, যাঁর দায়িত্ব, সংগ্রাম, আত্মত্যাগ এবং পরিবারের প্রতি নিঃশর্ত ভালবাসার অনেকটাই থেকে যায় লোকচক্ষুর আড়ালে।
সংসারের প্রয়োজন মেটাতে নিজের ইচ্ছেকে পিছনে রাখা, পরিবারের ভবিষ্যতের জন্য নিরন্তর লড়াই করে যাওয়া কিংবা আবেগকে আড়াল করে দায়িত্ব পালন, বাবার এই চেনা অথচ অনেক সময় উপেক্ষিত দিকগুলিই এ বার শিল্পের ভাষায় তুলে ধরার চেষ্টা করছে চন্দ্রাবতী দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোৎসব সমিতি। উদ্যোক্তাদের দাবি, ‘অন্তরালে’-র গল্পে দর্শক নিজেদের পরিচিত কোনও মানুষ কিংবা নিজের পরিবারের গল্পের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন।

মণ্ডপের প্রবেশদ্বার। নিজস্ব চিত্র।
এই ভাবনার কনসেপ্ট ও শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন দ্বিজেন খামারু। সমসাময়িক ভাবনার সঙ্গে আবেগকে মিলিয়ে মণ্ডপে একটি মানবিক গল্প তুলে ধরাই এ বারের মূল লক্ষ্য। তবে থিমের আধুনিক উপস্থাপনার পাশাপাশি পুজোর ঐতিহ্যেও কোনও বদল থাকছে না। চন্দ্রাবতী দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোৎসব সমিতি এ বারও সাবেকি দুর্গাপ্রতিমার পুজো করবে। প্রাচীন সনাতনী রীতি ও আচার মেনেই চলবে দেবীর আরাধনা। সাবেকি প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী কালাচাঁদ রুদ্র পাল।
একদিকে সমকালীন সমাজজীবনের এক নীরব চরিত্রের গল্প, অন্যদিকে সাবেকি প্রতিমা ও ঐতিহ্যবাহী পুজোর রীতিনীতি এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হচ্ছে ২০২৬-এর চন্দ্রাবতী দক্ষিণ পল্লীর দুর্গোৎসব। হাওড়ার চন্দ্রাবতী ভিলেজ রোড, চুনাভাটি, উত্তর পোদড়া এলাকায় আয়োজিত এই পুজোয় তাই এ বার শুধু দেবীদর্শন নয়, দর্শকদের সামনে আসতে চলেছে এক আবেগঘন মানবিক গল্প।