Loading...

Exclusive: কলকাতায় প্যান্ডেল হপিং নাকি শহর-ছাড়া? লাইট-ক্যামেরা-অ্যাকশন ভুলে কীভাবে পুজো কাটাবেন পর্দার রেহান-রূপাই?

সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ভালোবাসার রং রুট'-এর নায়ক-নায়িকার পুজোর ছুটি এবার কীভাবে কাটবে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে। গল্প-আড্ডার মাঝে জানা গেল নায়িকা অর্থাৎ মিষ্টি সিংহ রায় নাকি ব্রেক পেলেই বেড়াতে যান।

এই নিয়ে নায়ক ইন্দ্রনীল চ্যাটার্জি বলেন, "আমাদের নায়িকা ছুটি পেলে সবচেয়ে বেশি খুশি হয়। ও পারলে একদিনের ছুটিতেই পাহাড়ে বেড়াতে যেতে পারে। আর সারাক্ষণ খালি ফোন দেখে।" সিক্রেট ফাঁস হয়ে যাচ্ছে দেখে মিষ্টি কথা ঘুরিয়ে দেন। বলেন, "আমরা তো শুটিংয়ের চাপে ঘুরতে যেতে পারি না সেভাবে। আর আমি বেশ বেড়াতে খুব ভালবাসি। তাই একটু সময় পেলেই ঘুরতে যাই।" পুজো এগিয়ে আসছে কী প্ল্যান? মিষ্টির কথায়, "কলকাতায় পুজোর সময় থাকতে পছন্দ করি। প্যান্ডেল হপিং, খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা এসব মিলিয়েই চারটে দিন কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না।" অন্যদিকে ইন্দ্রনীল জানান এই সময়টা তিনি একটু বাইরে ঘুরতে যেতেই পছন্দ করেন। এখনও প্ল্যান এগোয়নি, তবে কলকাতার বাইরেই ছুটি কাটানোর প্ল্যান নায়কের।

ADVERTISEMENT

এদিকে, ফ্লোরে তখন লাঞ্চ ব্রেক। দুপুরের খাওয়া সেরে পরবর্তী সিনের জন্য প্রস্তুতি চলছে। নায়ক এক মনে স্ক্রিপ্ট ঝালিয়ে নিচ্ছেন। আর অন্যদিকে, নায়িকা তৈরি হচ্ছেন। এর মধ্যেই খবর ব্রেক এক্সটেনশন হবে। কারণ পরবর্তী দৃশ্যের জন্য লাইক চেঞ্জ আছে। এই ফাঁকেই আড্ডা জমল নায়ক-নায়িকার। প্রথম ধারাবাহিকেই নায়কের সঙ্গে জুটি হিট, কেমন লাগছে মিষ্টি সিংহ রায়ের? পর্দার রূপাই বলেন, "আমার কাছে যখন সুশান্তদা (সুশান্ত দাস) এই ধারাবাহিকের প্রস্তাব নিয়ে আসেন। তখন আমি খুব ভয়ে ছিলাম। আমি লাকি যে খুব হেল্প পেয়েছি সবার কাছ থেকে। আমার নায়ক, ইন্দ্রনীল তো খুব হেল্পফুল। অনেককিছু শিখেছি ওর থেকে। ডায়লগ বলা থেকে স্ক্রিপ্ট মুখস্থ করার টেকনিক, সব ওর থেকে শেখা।" মিষ্টির কথার রেশ টেনেই পর্দার 'রেহান' ওরফে ইন্দ্রনীল চ্যাটার্জি বলেন, "আমি যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি তাঁদের মধ্যে ওকে দেখেছি শেখার খুব ইচ্ছে আছে। তাই ওকে সাহায্য করতে ভাল লাগে। আমাদের কাজটাও তাই ভাল হয়। তবে মাঝেমধ্যে বকা খায়। একবার গরমের মধ্যে সিন করার সময় বারবার ডায়লগ ভুলে যাচ্ছিল তখন খুব বকা খেয়েছিল।" মিষ্টি জানান তিনি তখন কেঁদেও ফেলেছিলেন।

আরও পড়ুন

ADVERTISEMENT