Loading...

রোজ আমিষ খেলেও পুজোর পাঁচদিন মাছ-মাংস-ডিম ছুঁই না: দিতিপ্রিয়া রায়

প্রথমাতে প্রকাশ্যে এল দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। স্টার জলসায় 'মনসামঙ্গল' নিয়ে ফিরছেন তিনি। নতুন ধারাবাহিক, নতুন চরিত্র নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। পুজোর সময় এবার কীভাবে কাটাবেন?

আজকাল ডট ইন-কে দিতিপ্রিয়া জানান প্রতিবছরের মতো এবারও তাঁর পুজো কাজেই কাটবে। কিছু প্রচারের কাজ রয়েছে। আর নতুন ধারাবাহিক, নতুন সিরিজ নিয়ে বেশ ব্যস্ততায় আছেন তিনি। দিতিপ্রিয়ার কথায়, "আমি একটু ইন্ট্রোভার্ট, তাই পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখা, রোজদিন প্যান্ডেল হপিং ওসব আমার দ্বারা হয় না। আমি পাড়ার পুজোয় থাকি, আড্ডা দিই। ওটা আমার কাছে বেশি প্রিয়।"

ADVERTISEMENT

অভিনেত্রী জানান, বছরের প্রায় প্রতিদিনই মাছ-মাংস খান, তাই পুজোর দিনগুলোয় নিরামিষ খেতে বেশি পছন্দ করেন। দিতিপ্রিয়া বলেন, "আমার মনে হয়, পুজোয় সবার আনন্দ করার অধিকার আছে। খাওয়ার জন্য একটা প্রাণীকে মেরে ফেলতে চাই না। যদিও আমি একা না খেলে বাকিরা যে খাবে না তা তো নয়। এটা মন থেকে বিশ্বাস করি, পুজোর সময় আর যাই হোক প্রাণী হত্যা করতে পারব না। এছাড়া ভাবি, পুজোর দিনে দেবী মায়ের জন্য নিজের প্রিয় জিনিসটা থেকে দূরে থাকতে পারলে মনোবাঞ্ছা পুরণ হয়।"

আরও পড়ুন

দিতিপ্রিয়া জানান, পুজোর আগে তাঁর নতুন কাজের ঝলক দর্শকের সামনে আসায় তিনি খুব খুশি। নতুন চরিত্র নিয়ে আশাবাদীও অভিনেত্রী। এসভিএফ-এর ব্যানারে খুব তাড়াতাড়িই সম্প্রচারিত হবে 'মনসামঙ্গল'।

ADVERTISEMENT