আজকাল ওয়েবডেস্ক: ২০১৮ সালে কয়েকটি বাঙালি পরিবার মিলে ব্রিটেনের নটিংহ্যামে শুরু করেছিল দুর্গাপুজো। নটিংহ্যাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ছোট সেই উদ্যোগের ন’বছর পূর্ণ হচ্ছে ২০২৬ সাল। বর্তমানে নটিংহ্যাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোটি বেশ জনপ্রিয়। গত বছর পুজোটিতে সাড়ে তিন হাজারেরও বেশি ভক্ত ও দর্শনার্থী এসেছিলেন। শুধু বাঙালিরাই নন, নানা সম্প্রদায়ের মানুষ উৎসবের দিনগুলিতে এই পুজোপ্রাঙ্গনে আনন্দ ভাগ করে নেন।

প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। দশমীতে দেবীবরণ ও সিঁদুরখেলার মধ্য দিয়ে মাকে বিদায় জানানো হয়। পুজোয় আসা সকল ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে ভোগ পরিবেশন করতে পেরে নটিংহ্যাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো কমিটি বেশ গর্বিত।

গত বছর পুজোর থিম ছিল ‘ঠাকুরমার ঝুলি’। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের শৈশবের গল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই ভাবনার উদ্দেশ্য। এ বছরের পরিকল্পনায় রয়েছে পশ্চিমবঙ্গের হস্তশিল্প। প্রতি বছরের মতো এবারও মঞ্চসজ্জা আমরা নিজেরাই হাতে তৈরি করব। হাতে বানানো পাখা ও মাদুর ব্যবহার করে মণ্ডপ তৈরি করা হবে। তাতে আঁকা হবে গ্রামবাংলার আলপনা ও লোকশিল্পের নানা নকশা। নটিংহ্যামের এই পুজোয় বাংলার শিল্প, স্মৃতি আর উৎসবের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে চায়।

১৭ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চার দিন ধরে দুর্গাপুজো উদ্যাপনের পরিকল্পনা রয়েছে। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটির সকলকে নিয়ে উৎসবের আয়োজন করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। নটিংহ্যাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত বাঙালি পরিবারগুলির পাশাপাশি স্থানীয় সকলকে পুজোর চারটি দিন আনন্দ ভাগ করে নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।