Loading...

৬৩তম বর্ষে অভিনব চমক! রামগড় জয়শ্রীনগরের মণ্ডপে ফুটবে দিল্লির লোটাস টেম্পল

আজকাল ওয়েবডেস্ক: ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্থাপত্যের মেলবন্ধন, আর উৎসবের আবহে শান্তি ও সম্প্রীতির বার্তা। ৬৩তম বর্ষে পা রাখল রামগড় জয়শ্রীনগর দুর্গাপুজো কমিটি। ২০২৬ সালের দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য তাদের বিশেষ আকর্ষণ দিল্লির বিশ্ববিখ্যাত ‘লোটাস টেম্পল’-এর আদলে তৈরি থিম মণ্ডপ। পদ্মফুলের মতো দেখতে এই অনন্য স্থাপত্যের অনুপ্রেরণায় কলকাতার বুকেই ফুটে উঠবে শান্তি, সৌন্দর্য ও সর্বধর্ম সমন্বয়ের ভাবনা।

১৯৮৬ সালে দিল্লিতে নির্মিত লোটাস টেম্পল মূলত একটি বাহাই উপাসনালয়। পদ্মফুলের আদলে তৈরি শ্বেতশুভ্র এই স্থাপত্য শুধু তার নান্দনিকতার জন্যই নয়, বিশ্বজনীন ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির বার্তার জন্যও পরিচিত। ধর্ম, জাতি কিংবা সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে এই উপাসনালয়ে সকলের প্রবেশাধিকার রয়েছে। নীরব প্রার্থনা ও ধ্যানের মধ্য দিয়ে আত্মিক শান্তি খুঁজে নেওয়ার সুযোগ মেলে সেখানে।

ADVERTISEMENT

এই ভাবনাকেই এ বারের পুজোর মূল থিম করেছে রামগড় জয়শ্রীনগর দুর্গাপুজো কমিটি। বর্তমান সময়ের ব্যস্ততা, কোলাহল ও জটিলতার মাঝে মানুষকে কিছুটা মানসিক স্বস্তি দেওয়া এবং ভেদাভেদ ভুলে একসঙ্গে উৎসবের আনন্দে সামিল হওয়ার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

আরও পড়ুন

পুজো উদ্যোক্তাদের ভাবনায়, দুর্গাপুজো শুধুমাত্র আচার-অনুষ্ঠান কিংবা প্রতিমা দর্শনের উৎসব নয়, মানুষের সঙ্গে মানুষের বন্ধন দৃঢ় করারও এক অনন্য উপলক্ষ। লোটাস টেম্পলের আদলে নির্মিত মণ্ডপ সেই সম্প্রীতির বার্তাকেই আরও গভীর করে তুলবে। অশুভের অন্ধকার পেরিয়ে শুভ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার প্রেরণা জোগাবে এই উদ্যোগ।

এ বার তাই রামগড় জয়শ্রীনগরের পুজোয় একদিকে থাকবে দিল্লির বিখ্যাত স্থাপত্যের অনুপ্রেরণা, অন্য দিকে মায়ের মৃন্ময়ী রূপ। স্থাপত্যের সৌন্দর্য আর উৎসবের আবেগের এই যুগলবন্দি দেখতে দর্শনার্থীদের সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। ৬৩ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে এ বারের পুজো কতটা নজর কাড়ে, এখন সেটাই দেখার।

ADVERTISEMENT