Loading...

আপ বনগাঁ লোকালের সিটে স্বয়ং মা দুর্গা! টিকিট কেটেই ট্রেন সফরে দশভুজা, অবাক নিত্যযাত্রীরা

আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিনের মতোই ফিরতি পথে বনগাঁ লোকালে নিত্যযাত্রীদের ভিড়। কিন্তু সেই চেনা ছবির মধ্যেই এদিন দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ট্রেনের সিটে বসে রয়েছেন স্বয়ং মা দুর্গা!

শুধু তাই নয়, রীতিমত নিয়ম মেনে টিকিট কেটেই লোকাল ট্রেনে সফর করলেন দেবী। প্রথমে দৃশ্যটি দেখে অবাক হলেও পরে বিষয়টি বুঝতে পেরে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ ট্রেনের যাত্রীরা।

ADVERTISEMENT

গোবরডাঙার শিল্পী পার্থ দে-র হাতে তৈরি দেড় ফুটের দুর্গাপ্রতিমাকে নিয়ে বনগাঁ লোকালে চেপে বিশরপাড়ায় নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন সঞ্জয় হালদার নামে এক ব্যক্তি।

আরও পড়ুন

৯.৩৪ মিনিটের গোবরডাঙা লোকালে প্রতিমাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন তিনি। শিল্পী পার্থ দে তাঁর বন্ধু। বন্ধুর হাতে তৈরি দুর্গাপ্রতিমাকেই তাই গত তিন বছর ধরে বাড়িতে পুজো করছেন সঞ্জয়।

এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রতিমাকে নিয়ে যাওয়ার সময় ট্রেনের নিয়ম মেনে টিকিট কাটেন তিনি। আর সেই দৃশ্যই নজর কাড়ে কামরার অন্যান্য যাত্রীদের। লোকাল ট্রেনের সিটে বসে ছোট্ট দুর্গাপ্রতিমার এই সফর যেন যাত্রীদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা।

ব্যস্ত রেলযাত্রার মাঝে এমন দৃশ্য মুহূর্তের জন্য হলেও নজর কেড়ে নিয়েছে সকলের। নিয়ম মেনে টিকিট কেটে দেবীকে নিয়ে যাওয়ার এই উদ্যোগের প্রশংসা করেন সহযাত্রীরাও।

সঞ্জয় জানান, বিশরপাড়ায় নিজের বাড়িতে পৌঁছে নিয়ম মেনে ষষ্ঠী থেকেই দেবীর পুজো শুরু করবেন। আর তার আগে বনগাঁ লোকালের এই ব্যতিক্রমী যাত্রা হয়ে উঠেছে চর্চার বিষয়।

ADVERTISEMENT