আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো মানেই উৎসব, আনন্দ আর পারিবারিক ঐতিহ্য। তবে ফালাকাটার জটেশ্বরের নবনগরের শিকদার বাড়ির পুজোয় রয়েছে ইতিহাসের অন্যরকম ছোঁয়া। প্রাচীনকালের যুদ্ধে ব্যবহৃত ঢাল, তলোয়ার থেকে শুরু করে নানা জীবজন্তুর প্রাচীন মূর্তি—এই অ্যান্টিক সংগ্রহ দেখতে পুজোর দিনগুলিতে শিকদার বাড়িতে ভিড় জমান দর্শনার্থীরা। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই সংগ্রহ যেন এক বিস্ময়ের জানালা।
আলিপুরদুয়ার জেলার অন্যতম বনেদি বাড়ির পুজো এই শিকদার পরিবারের। প্রায় ৮০ বছর আগে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে হয় পরিবারটিকে। তবে দেশ বদলালেও বদলায়নি পূর্বপুরুষদের দুর্গাপুজোর রীতি ও নিষ্ঠা। ফালাকাটা ব্লকের জটেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের নবনগরে স্থায়ী ঠিকানা গড়ে ওঠার পর থেকেই পুরনো ঐতিহ্য মেনে ঠাকুরদালানে পুজো হয়ে আসছে।