আর মাত্র ১০ দিন বাকি পুজোর। চারিদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই বছর পুজোয় রূপঙ্কর বাগচীর কী পরিকল্পনা রয়েছে? দুর্গাপুজো, পুজোর গানের একাল, সেকাল নিয়ে কী বললেন তিনি?
দুর্গাপুজোর প্ল্যান জানতে চাইলে আজকাল ডট ইনকে রূপঙ্কর বাগচী বলেন, "এই বছর একটাই প্ল্যান, শো আছে। হায়দরাবাদ, বম্বে তারপর বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে যাচ্ছি।"
ADVERTISEMENT
বড় হওয়ার পর পুজোর মানে, অর্থ, মজা বদলায়। বাড়ে দায়িত্ব, কাজের চাপও। সেখানে ছোটবেলার পুজো মানেই নিখাদ আনন্দ, হইহই। ছোটবেলার পুজো বললেই রূপঙ্কর বাগচীর কী মনে পড়ে? গায়ক বললেন, "বন্ধুদের সঙ্গে আড্ডা মারা খুব মিস করি। বাবা মায়ের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়াটাও। ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। জাঙ্ক ফুড যেমন রোল, চাউমিন, ফুচকা খেতাম। নাগরদোলা চড়তাম, রাইফেল শুটিং করতাম।"
অতীতে পুজোর গন্ধ বয়ে আনত পুজোর গান। এখনও পুজোর গান মুক্তি পায়, কিন্তু বদলেছে ধরন। পুজোর গানের একাল, সেকাল নিয়ে কী বললেন গায়ক? "পুজোর গান এখনও বেরোয়। এখন কন্সেপ্ট পাল্টে গিয়েছে। সেই বদলের সঙ্গেই আমাদের চলতে হবে। তবে, আগের সময়টা অনেক আকর্ষণীয় ছিল আমার কাছে। ক্যাসেট কিনতাম, আমার নিজের গান যখন বেরোত সেই সময় সেগুলো নিয়ে উত্তেজিত থাকতাম। প্রস্তুতি অনেক আগে থেকেই থাকত। এক্সাইটিং ছিল ব্যাপারটা। সেই এক্সাইটমেন্ট কমে গিয়েছে এখন", জানালেন রূপঙ্কর।
পুজো বলতেই কী মনে পড়ে তাঁর? গায়ক হেসে জবাব দিলেন, "পুজোর গান তো একটা বড় ব্যাপার ছিল। আর পুজোবার্ষিকী তো আছেই।"