সদ্যই শেষ হয়েছে 'ও মোর দরদিয়া'। বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছিলেন রণিতা দাস। সম্প্রতি রটে যায় তিনি নাকি 'বিগ বস বাংলা'য় যাচ্ছেন ওয়াইল্ড কার্ড হিসেবে। কিন্তু এই জল্পনা অভিনেত্রী নিজেই খারিজ করে দিয়েছেন। তাহলে এই বছর পুজোয় তাঁর কী প্ল্যান? কী কী করছেন?
পুজোর প্ল্যান জানতে চাইলে আজকাল ডট ইনকে অভিনেত্রী জানালেন তাঁর জমিয়ে ঠাকুর দেখার ইচ্ছে এবার। অভিনেত্রী বলেন, "প্যান্ডেল ঘুরব। প্রচুর খাবার দাবার খাব। বন্ধুদের সঙ্গে দেখা করব।"
ADVERTISEMENT
আর ছোটবেলার পুজোর কোন জিনিসটা তিনি সবথেকে মিস করেন? আজও পিছু ফিরে তাকালে কোন জিনিসটার কথা সবথেকে বেশি মিস করেন? এই বিষয়ে রণিতা বলেন, "ছোটবেলায় অনেক জামা হতো। ১০-১২ টা জামা হয়ে যেত। এখন অত জামা হয় না। নিজেকে কিনতে হয়, অনেক খরচ হয়ে যায়।" বলেই হেসে ফেলেন অভিনেত্রী
আর পুজোর প্রেম? সেটা কি হয়েছে কখনও? এই বিষয়ে তাঁর সাফ জবাব, "না, পুজোর প্রেম হয়নি। আমার একটাই প্রেম, ওটাই সারা বছর থাকে। পুজোর ৪-৫ দিনের জন্য নতুন করে কোনও প্রেম হয় না।"
পুজো প্রায় এসেই গেল। রাত পোহালেই ষষ্ঠী। ঢাকে কাঠি পড়েই গিয়েছে। দল বেঁধে চলছে ঠাকুর দেখা, ভূরিভোজ। সকলের মতোই তারকারাও কাজের ব্যস্ততার মাঝেই নিজেদের মতো করে পুজোর ৪ দিনের পরিকল্পনা সেরে ফেলেছেন। কেউ থাকছেন শহরে, রয়েছে ঠাকুর দেখার প্ল্যান। কেউ চলে যাচ্ছেন বেড়াতে।