পুজো আসতেই আরও যেন মন ভাল হয়ে গিয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতির। 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে 'উজি'র চরিত্রে এই মূহূর্তে দর্শক দেখছেন তাঁকে। প্রতিবছর পুজোয় আরাত্রিকা বেছে নেন বাঙালি সাজ। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "আমি শাড়ি, কুর্তি, আনারকলি পরতেই বেশি পছন্দ করি পুজোর সময়। সারা বছর বিভিন্ন পোশাক পরা হলেও এই দিনগুলোতে মনের মতো করে সাজি।"
আরাত্রিকার কথায়, "আমার পুজো আসছে আসছেই ভাল লাগে। দশমীর দিনটা খুব মন খারাপ হয়ে যায়। কারণ আমার মনে হয় এত আনন্দ, সব জলে গেল। তাই বিসর্জন দেখতে পারি না, কান্না পেয়ে যায়। ছোটবেলায় বিজয়া করতে যেতাম আত্মীয়দের বাড়িতে। আমাদের বাড়িতেও অনেকে আসতেন। তাঁদের জন্য বাড়িতে নিমকি, মিষ্টি তৈরি করা হত। তখন বিজয়ার পরেও একটা আলাদা আনন্দ ছিল, এখন তো দশমীর রাত পোহালেই কাজে ফেরার তাড়া।"