Loading...

মুসলমান জমিদারের দেবীর আরাধনা, ৩৩৩ বছর ধরে প্রাচীন রীতি মেনেই চলছে রতুয়ার মাড়োয়ারিপাড়ার সেই ঐতিহ্যবাহী পুজো

আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নাদেশে আজ থেকে ৩৩৩ বছর আগে মুসলমান জমিদার জুহুর খানের হাতে শুরু হয়েছিল দুর্গাপুজো। সেই পুজোয় এখন রতুয়া বারোয়ারি দুর্গাপুজো নামে পরিচিত।

মালদহের রতুয়ার মাড়োয়ারিপাড়ার সেই ঐতিহ্যবাহী পুজো এবার ৩৩৩ বছরে পা দিতে চলেছে। মালদহের রতুয়ার মাড়োয়ারিপাড়ার কালিন্দ্রী নদীর ঘাটের কাছে এই পুজোর সূচনা করেছিলেন জমিদার জুহুর খান।

ADVERTISEMENT

কথিত আছে, ইংরেজ আমলে এখানে জমিদারি পত্তন করেছিলেন জুহুর খান। স্বপ্নে নাকি দেবী তাঁকে নির্দেশ দিয়েছিলেন, মাড়োয়ারিপাড়ার কালিন্দ্রী নদীর ঘাটে ভেসে আসা কাঠামো প্রতিষ্ঠা করে দুর্গাপুজো শুরু করতে। দেবীর আদেশ মেনে পুজো শুরু করেন তিনি। কয়েক বছর পর পুজোর দায়িত্ব হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দেন।

আরও পড়ুন

আজও সেই প্রাচীন রীতিনীতি মেনেই পুজো হয়। কালিন্দ্রীতে ভেসে আসা কাঠামোর উপরই প্রতিমা তৈরির প্রথা রয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে বলিপ্রথা এবং মহানবমীতে ভক্তদের দেওয়া প্রায় ২০০ পাঁঠা বলি হয়। পাশাপাশি নরনারায়ণ সেবা ও মেলারও আয়োজন করা হয়।

এই পুজোর অন্যতম বিশেষত্ব সম্প্রীতির বার্তা। পুজোয় হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও অংশ নেন। প্রায় পাঁচ হাজার পরিবারের সহযোগিতায় আজও টিকে রয়েছে ৩৩৩ বছরের এই ঐতিহাসিক দুর্গোৎসব।

ADVERTISEMENT